জেনারেল লানেভকে সেনাপ্রধান করার উদ্যোগ, সিনেটে পরীক্ষার মুখে ট্রাম্পের মনোনয়ন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১০ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে জেনারেল ক্রিস্টোফার লানেভের নাম মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার নিয়োগ অনুমোদন নিয়ে সিনেটে রাজনৈতিক ও দলীয় বিরোধের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগে মনোনয়ন অনুমোদন করিয়ে নিতে চাইছে ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ধারাবাহিক রদবদলের মধ্যে নতুন এই মনোনয়ন সামনে এলো।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে লানেভের মনোনয়নের বিষয়টি জানানো হয়। তিনি গত এপ্রিল থেকে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩৬ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করা লানেভ বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ।

মনোনয়ন পাওয়ার পর এক বিবৃতিতে লানেভ বলেন, সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্টের আস্থা ও বিশ্বাস পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। সিনেটে অনুমোদন পেলে সেনাসদস্য, তাদের পরিবার এবং দেশের সেবা অব্যাহত রাখতে চান তিনি।

গত এপ্রিলে কোনো কারণ না উল্লেখ করেই সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। এরপর লানেভকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়। জর্জের পাশাপাশি ওই সময় সেনাবাহিনীর আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল ডেভিড হোডনে ও মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হলে দক্ষিণ কোরিয়ায় তিন তারকা জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন লানেভ। নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ফোন করায় তিনি প্রেসিডেন্টের নজরে আসেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এরপর তাকে হেগসেথের শীর্ষ সামরিক সহকারী করা হয়। গত ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ ভাইস চিফ অব স্টাফ হন।

হেগসেথ দায়িত্ব নেওয়ার পর পেন্টাগনে এক ডজনের বেশি জেনারেল ও অ্যাডমিরালকে সরিয়ে দেওয়া হয়েছে বা আগাম অবসরে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সাবেক প্রধান জর্জের সঙ্গে হেগসেথের বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল। বিশেষ করে সামরিক কর্মকর্তাদের পদোন্নতি ও সেনাবাহিনীর সংস্কার নিয়ে বিরোধের কথা সংবাদমাধ্যমে এসেছে।

এর মধ্যেভগত সেপ্টেম্বরে সেনাসচিব ড্যান ড্রিসকলের পদত্যাগের পর সেনাবাহিনীর বেসামরিক নেতৃত্বেও শূন্যতা তৈরি হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত সেনাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডাম টেলে।

লানেভের মনোনয়নও সিনেটে সহজে অনুমোদন পাওয়ার সম্ভাবনা কম। রিপাবলিকান সিনেটর ও সাবেক সেনাসদস্য জোনি আর্নস্ট আগস্টেই তার নিয়োগের বিরোধিতা করেছিলেন। জর্জের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া হেগসেথের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লানেভকে নিয়ে দুই দলের কয়েকজন আইনপ্রণেতার আপত্তি রয়েছে।

প্রায় ১০ লাখ সেনাসদস্য এবং দুই লাখ বেসামরিক কর্মী নিয়ে গঠিত মার্কিন সেনাবাহিনী গত পাঁচ মাস ধরে স্থায়ীভাবে অনুমোদিত সেনাপ্রধান ছাড়াই চলছে। এখন লানেভের মনোনয়ন সিনেটে অনুমোদন পায় কি না, সেটিই ট্রাম্প প্রশাসনের জন্য বড় পরীক্ষা।