কুমিল্লায় আ.লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের অফিসে অগ্নিসংযোগ

news desk
news desk news desk
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১০ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় দলীয় কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে বাহারের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের সময়কার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে একদল যুবককে মিছিল নিয়ে বাহারের বাড়ির সামনে যেতে দেখা যায়। পরে তারা বাড়ির নিচতলায় ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে পেট্রোল ঢেলেও আগুন দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।” কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন বলে জানান তিনি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরের রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেদিন বাড়ির মালামাল লুটের অভিযোগও রয়েছে।

এসব ঘটনার পর থেকে বাড়িটিতে নৈশপ্রহরী ছাড়া পরিবারের কোনো সদস্য থাকেন না। এর মধ্যে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আবারও বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুরের পাশাপাশি কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে একই দিন রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনের ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।