নির্বাচনী আচরণবিধি মেনে বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী
আগামী ১০ মার্চ বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সফর স্থগিত করা হয়েছে। মূলত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সেই নিয়ম মেনে চলার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। নিয়ম মেনে চলার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফর স্থগিত করেছেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন। সাংবিধানিক বিধি অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে।