পাটওয়ারীর ওপর ‘ডিম হামলা’ তদন্তে নির্বাচনি অনুসন্ধান কমিটি
রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘ডিম হামলা’র ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন রিটার্নিং অফিসার।
ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা-৮ আসনের কমিটির সিভিল জজ মো. শামসুল হককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ায়। এনসিপি প্রার্থী ওই অনুষ্ঠানে গিয়ে ‘হেনস্তার শিকার’ হন। তার দিকে ডিম ছোড়া হয়।
পরে সেদিন এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অনুসারীরাই তার ওপর হামলা করেছেন। এ ঘটনায় মির্জা আব্বাসের বহিষ্কারও দাবি করেছেন তিনি।
একই সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এবং মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
এমন পরিস্থিতিতে রমনা থানার কাছে ওই ঘটনার বিষয়ে প্রতিবেদন এবং কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা চান রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এবং শুক্রবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে লিখিত প্রতিবেদন দেন। এরপরই সেই ‘ডিম হামলা’ ও ‘বিশৃ্ঙ্খল পরিস্থিতির’ বিষয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হলো।
রমান থানার ওসি যা বলেছেন
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গত ২১ জানুয়ারি থেকে প্রচারে নেমেছেন। কোথাও কোনো জনসভা করলে সে বিষয়ে স্থানীয় পুলিশকে ২৪ ঘণ্টা আগে জানানোর বিধান রয়েছে।