প্রার্থীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে নির্বাচনি সমাবেশ আয়োজন করেছে বিএনপি। এটি দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঢাকার বাইরে তৃতীয় সমাবেশ। ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এই সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান।
তিনি মঞ্চে ওঠার আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু, লৎফুরজ্জামান বাবর।
বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা স্লোগান দেন— ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’
তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছানোর পর তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘আগামী দিনের প্রধানমন্ত্রী, তারেক রহমান’সহ নানা স্লোগান দিতে থাকেন।
বিকেল ৪টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় তিনি সমাবেশেস্থলের পাশে থাকা জুলাই আন্দোলনের আহত ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে ওঠার পর তার কাছে ময়মনসিংহের তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান স্থানীয় নেতারা।