আগেই ছেড়েছেন এনসিপি, মীর আরশাদুল এবার যোগ দিলেন বিএনপিতে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এ দিন দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির এই সাবেক নেতা। এরপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।


এর আগে গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচন থেকেও সরে দাঁড়ান।

পদত্যাগের কারণ হিসেবে তিনি ওই পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি ব্যর্থ হয়েছে এবং দলটি বর্তমানে ‘ভুল পথে’ পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই।’


ফেসবুক পোস্টে এনসিপির এই সাবেক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অন্যান্য দল যখন ধর্ম ও পপুলিজমকে পুঁজি করছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে একটি ‘ক্লিয়ার ভিশন’ জাতির সামনে তুলে ধরেছেন। তারেক রহমানের এই ‘স্মার্ট অ্যাপ্রোচ’-এ আকৃষ্ট হয়েই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।


এ ছাড়া তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত।’