প্রশাসনের একটি অংশ বিশেষ দলের পক্ষপাতিত্ব করছে--জামায়াত নেতা হেলাল উদ্দিন
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দলীয়করণের ফলে প্রশাসনের একটি অংশ বিশেষ দলের পক্ষপাতিত্ব করছে। এমতাবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জাতি শঙ্কিত।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তির চেষ্টা করলে জাতি চুপ করে বসে থাকবে না, তা প্রতিহত করবে।
সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ পশ্চিম থানা জামায়াতের কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের নাগরিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হেলাল উদ্দিন। এছাড়া ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।