সকালে শুরু ভোট গ্রহণ, একনজরে জকসু নির্বাচন

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১০ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। ২০০৫ সালে পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর এটিই এ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর এতদিন জকসু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে একযোগে জকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৪৫ জন। তাদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে প্রতিনিধি নির্বাচিত হবেন। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫৭ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৩৮ জন, নারী প্রার্থী ১৯ জন। নির্বাচনে প্যানেলে রয়েছে মোট চারটি।

এ নির্বাচনের মাধ্যমে এক বছরের জন্য গঠন করা হবে ২৩ সদস্যের কেন্দ্রীয় সংসদ। গঠনতন্ত্র অনুযায়ী, উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে গঠন করা হবে ১৫ সদস্যের হল সংসদ। হল প্রাধ্যক্ষ পদাধিকারবলে এ সংসদের সভাপতি হবেন। তিনি আবাসিক শিক্ষক বা হাউজ টিউটরদের মধ্য থেকে একজনকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেবেন।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ও হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনে ভোট গণনা করা হবে এবং ফলাফল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন থেকে ঘোষণা করা হবে।

গত ৫ ডিসেম্বর জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল ২২ ডিসেম্বর। তবে ভূমিকম্পের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় আট দিন পিছিয়ে ভোটগ্রহণের দিন পুনর্নির্ধারণ করে ৩০ ডিসেম্বর করা হয়।