ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভিআইপি আসন ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় তার পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের এই আসনের প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ায় নিজের দাবি ছেড়ে দিয়েছেন জোটের শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি এখন ভোলা-১ থেকে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ ও সম্মান জানানোর প্রেক্ষিতে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দালিব রহমান পার্থের পরিবার ভোলা-১ আসনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কিত। ২০০৮ সালে তিনি বিএনপির সমর্থনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা, প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও এই আসনের সংসদ সদস্য ছিলেন।
একই সঙ্গে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়ন নেবেন।