হাদির কবর জিয়ারতের পর নির্বাচন কমিশনের পথে তারেক রহমান

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তার গাড়ি বহর শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ছেড়ে যায়।  

নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম লেখাবেন তারেক রহমান। সকল বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর। বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে ইতোমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে চলতি বছরের ২৯ ডিসেম্বর।