তারেক রহমানের সম্মানে শাহবাগ মোড় সাময়িকভাবে ছাড়ল ইনকিলাব মঞ্চ

shahinur rahman uzzol
shahinur rahman uzzol shahinur rahman uzzol
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শরিফ ওসমান হাদি হত্যার 'বিচার না হওয়া' পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ এবং শুক্রবার রাতভর তারা সেখানে অবস্থান করে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এই কর্মসূচি সফল করতে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। তারা সেখানে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে সবাইকে উজ্জীবীত করার চেষ্টা করছে। তারা বলছে, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শাহবাগে এসেছেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় গত মঙ্গলবার ইনকিলাব মঞ্চের সদস্যরা ‘শহিদী শপথ’ নেন। ত্রিশ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্ন ও ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার করেন তারা।