জুতা খুলে দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে রওয়ানা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে অবতরণ করে সিলেটে।

সিলেটে যাত্রাবিরতি শেষে সকাল ১১টা ১১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার পথে রওয়ানা দেয়। বেলা ১১টা ৩৬ মিনিটে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় পৌঁছে বিমানবন্দরের বহির্গমন দরজা দিয়ে তারেক রহমান বের হোন মুক্ত বাতাসে, ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২টা ৩০ মিনিট। সামনে থাকা সবার প্রতি হাত নাড়েন, অনেকের সঙ্গে কর্মরদন করেন।

সামনে তখন অপেক্ষমাণ বিশেষ বাস, যেটাতে তাকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দর থেকে। কিন্তু সে বাসের দিকে গেলেন না তারেক রহমান। পাশেই ছোট্ট একটু ঘাসের লন। সোজা চলে যান সেখানে। একটু সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে স্পর্শ করেন দেশের মাটি।

সবার নজর তখন তার দিকে। কিন্তু তার মনোযোগ যেন কোথাও নেই। খুলে ফেললেন জুতা-মোজা। খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। অনেকক্ষণই সেখানে খালি পায়ে দাঁড়িয়ে থাকলেন। এরপর হাতে তুলে নিলেন এক মুঠো মাটি। হাতে ধরেই রাখলেন সেই মাটি।

১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করার সুযোগ পেয়ে যেন কিছুটা বিহ্বলই হয়ে পড়লেন তারেক রহমান। তার সে বিহ্বল মুহূর্তটিতে আবেগঘন হয়ে ওঠেন আশপাশের সবাইও