পিআর-গণভোট দেশের মানুষ বোঝে না: ফখরুল ইসলাম

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখনও ‘পিআর’ বা ‘গণভোটের’ বিষয়টি বুঝে না। এই ধারণার সঙ্গে আমরা পরিচিত নই।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে ‘মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ’-এর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সংস্কার ও গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’এসব মানুষ এখনো বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও হয়তো বুঝতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে কেন এত অন্যায়? কেন এত পাপ? মানুষ কেন এত চুরি-দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার করে দেয়? তা আমি বুঝতে পারি না।’

আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে প্রবল আগ্রহ দেখা যায়, একটি ভালো মানুষ তৈরির ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় যায়?’

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।