আওয়ামী লীগের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড: প্রেস সচিব

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম অভিযোগ তুলে বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন,‘ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে, তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড।’

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।

শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন।