সমঝোতার গুঞ্জন, ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে গুঞ্জনের মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেলে এই আসনের ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন তিনি। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন। তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।

ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে।

সম্প্রতি গুঞ্জন উঠছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।