গণভোট নির্বাচনের আগে করার সুযোগ এখন আর নেই’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনও সুযোগ নেই।’ এসময় তিনি দেশে চলমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,‘মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাচ্ছি।’
ফখরুল ইসলাম বলেন, ‘বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি করেছে বর্তমান সরকার। তারা যে কমিশন গঠন করেছে দীর্ঘ আট-নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে। ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা ইলেকশনে যাব, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পাই সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাস করিয়ে দেশের পরিবর্তন করব।’
তিনি আরও বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে।’
এ সময় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে।