যেভাবে বাস্তবায়ন জুলাই সনদ, যা আছে ঐকমত্য কমিশনের সুপারিশে
তিন ধাপে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ জমা দেওয়া হয়।
সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নে আয়োজন করা হবে গণভোট। গণভোটে পাস হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সে আদেশ বাস্তবায়ন করতে বাধ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে জুলাই সনদ বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে সাক্ষাৎ করে ঐকমত্য কমিশন এ সুপারিশ জমা দিয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে সুপারিশের বিভিন্ন দিক তুলে ধরেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের অন্য সদস্যরা।
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আদেশের খসড়াটি দেখুন এখানে—
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপটে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে সে প্রেক্ষাপটে সরকার এই সনদ বাস্তবায়নের কর্তৃত্ব রাখে। তাই সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে বলা হয়েছে। সংবিধান সংস্কারসংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার এই আদেশ জারির পর গণভোট আয়োজন করবে।
এক প্রশ্নের জবাবে ঐকমত্য কমিশনের এই সহসভাপতি বলেন, গণভোট আয়োজনের জন্য যে প্রক্রিয়া রয়েছে তার সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা, ভোটার তালিকা চূড়ান্ত করাসহ নানা বিষয় যুক্ত রয়েছে। এ কারণে গণভোট আয়োজনের কোনো দিনক্ষণ কমিশন প্রস্তাব করেনি। সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এ দিনতারিখ ঠিক করবে।
পরবর্তী সংসদের কার্যক্রম প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বলে আগামী জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। জাতীয় সংসদের স্পিকার হবেন পরিষদের সভাপতি, মেয়াদ হবে ২৭০ দিন। পরিষদ নিজেদের মতো করে কার্যপদ্ধতি নির্ধারণ করবে। ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে এই পরিষদ বিলুপ্ত হবে।