জুলাই সনদে সই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসেনি পূর্ণাঙ্গ ঐকমত্য

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত রূপ পেয়েছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সরকার এই সনদে সইয়ের দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে। তবে এই সনদ সইয়ের মাত্র একদিন আগে এসেও দেখা গেল, সনদে সই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসেনি পূর্ণাঙ্গ ঐকমত্য। এমনকি প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত থেকে দলগুলোর সঙ্গে বসলেও অন্তত দুটি বিষয় এখনো অমীমাংসিতই রয়ে গেছে।

কিছু রাজনৈতিক দল বলছে, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়া ঐকমত্যগুলো তুলে ধরার পাশাপাশি ‘নোট অব ডিসেন্ট’ তথা ভিন্নমতগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এসব ভিন্নমত কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটি স্পষ্ট করা হয়নি। আবার সাংবিধানিক মূলনীতি সংস্কারের ক্ষেত্রেও ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, যা সনদে থাকলে সই করার সুযোগ নেই বলে অনড় অবস্থান কয়েকটি দলের।

এদিকে মোটাদাগে জুলাই সনদ নিয়ে ঐকমত্য থাকলেও এটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ভিন্নমত এই শেষ মুহূর্তে এসেও কাটেনি। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নিতে গণভোট আয়োজনের যে সিদ্ধান্ত, তার দিনক্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন এবং অনড় অবস্থান রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সইয়ের কথা থাকলেও এতদিন ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে আসা সব রাজনৈতিক দল এতে আসলেই সই করবে কি না, বুধবার (১৫ অক্টোবর) রাত পর্যন্ত তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি