জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে - প্রধান উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি কথার কথা নয়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন। সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার অবশিষ্ট মতানৈক্য নিরসন ও সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৈঠকটি ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর করার কথা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আশা করি আগামী ১৭ অক্টোবর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে।

বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।