নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:০১ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকার এখন সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, এ কারণেই জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তাদের সবাইকে এ নির্বাচনে ভোট দিতে আহ্বানও জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরই মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন।

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এ অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।