রোজার আগেই নির্বাচন— তারেকের প্রস্তাবে সম্ভাবনার ইঙ্গিত ইউনূসের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ১৪ জুন ২০২৫ | আপডেট: ৩:৫৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে টানাপোড়েনের অবসান ঘটার ইঙ্গিত মিলেছে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকে।

তারেক রহমান বৈঠকে আগামী বছর রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। প্রধান উপদেষ্টা জবাবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথার পুনরাবৃত্তি করেন। তবে সংস্কার কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হলে রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে— এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারির ‍তৃতীয় সপ্তাহে রমজান শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ ফেব্রুয়ারি বা এর দুয়েকদিন আগে-পরে শুরু হতে পারে রোজা। সেক্ষেত্রে রমজানের অন্তত এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হলে তা ১০ ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। বেশকিছু রাজনৈতিক দলসহ বিশেষজ্ঞরাও ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ দিন লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিট) বহুল আলোচিত এ বৈঠক শুরু হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা উঠলে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে।

বার্তায় আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করতে হবে।