আশ্বস্ত’ হলে ভোটের লড়াইয়ের কৌশল, না হলে কর্মসূচি দেবে বিএনপি
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। দলটির আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির গতিপ্রকৃতির অনেকটাই এ বৈঠক থেকে নির্ধারণ হবে বলে মনে করছেন দলটির নেতারা।
সার্বিকভাবে রাজনীতির নানা বিষয় আলোচনায় থাকলেও এ বৈঠকে বিএনপির প্রধান আলোচ্য বিষয় নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, সেটিই সুনির্দিষ্টভাবে অন্তর্বর্তী সরকারপ্রধানের কাছে জানতে চায় বিএনপি। দলের পক্ষ থেকেও দেওয়া হতে পারে নির্বাচনি রোডম্যাপের প্রস্তাবনা।
দলটির নেতারা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলোচনা হবে তাতে যদি তারা নির্বাচন নিয়ে ‘আশ্বস্ত’ বোধ করেন, তাহলে তারা জাতীয় নির্বাচনের ভোটের মাঠের কৌশল নির্ধারণে মনোযোগী হবে। তবে আলোচনা থেকে যদি বিএনপি আশ্বস্ত হতে না পারে, তাহলে নির্বাচনি রোডম্যাপের জন্য কর্মসূচি ঘোষণার দিকে যাবে দলটি।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিএনপি নেতারা গিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিজেদের মধ্যে বৈঠক করেছে দলটির স্থায়ী কমিটি। সেখানেও মূল আলোচ্য বিষয় ছিল বুধবারের বৈঠক।