‘জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের ওপর চাপ বেড়েছে’

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:৪৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন অপরাধের তদন্ত করে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের ওপর বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক জরিপের বরাত দিয়ে তিনি জানান, এমনকি ভারতের নাগরিকদের পক্ষ থেকেও এই চাপ বাড়ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেস সচিব। তিনি যে প্রতিবেদনের কথা বলেছেন জাতিসংঘের ওই প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনা নিজেই হত্যাসহ নানা অপরাধের নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। গত সাড়ে ছয় মাস ধরেই দেশটিতেই রয়েছেন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অভিযোগ দায়ের হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম চলছে।

এ পরিস্থিতিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জানিয়েছে, শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য নথিপত্রও দেওয়া হয়েছে ভারতকে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ভারত সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।