আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একশ্রেণীর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী উসকানিমূলক অপপ্রচারের ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (এক্স ও ফেসবুক)-এ প্রদত্ত এক বিবৃতিতে এই আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে ‘উসকানিমূলক ও রাজনৈতিক বক্তব্যে’ আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে তিনি এই বিবৃতি দেন।
বিবৃতিতে তারেক রহমান এই ধরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ভারতীয় ভাষ্যকাররা ‘অপতথ্যের ধূম্রজাল সৃষ্টি করে’ বাংলাদেশ বিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।
আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সাম্প্রতিক হামলাকে বিভ্রান্তির ফলে সৃষ্ট অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন, এ ধরনের ঘটনা প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ আরও গভীর করার ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেন।
তারেক লিখেছেন, ‘আন্তর্জাতিক অংশীজনদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রায় ২০০ মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশকে অস্থিতিশীল করে অন্য কোন দেশের কোন লাভ নেই।’