তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

 সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় ‘বে অব বেঙ্গল’ সংলাপে অংশ নেয়া বিদেশি অতিথিদের বাংলাদেশের তরুণ বিপ্লবীদের আবেগ ও আকাঙ্ক্ষার প্রতীক গ্রাফিতি ও চিত্রকর্মগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল’ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিদেশি অতিথিদের প্রতি আমার আহ্বান: ঢাকার রাস্তায় হাঁটার সময় রাস্তার দেয়ালে আঁকা বর্ণিল চিত্রকর্মগুলো দেখার ঐতিহাসিক সুযোগ আপনারা মিস করবেন না। এই চিত্রকর্মগুলো তরুণদের আবেগ ও আকাঙ্ক্ষার প্রকাশ, যা হত্যাযজ্ঞের সময় আঁকা হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘এগুলো দেখলে যে কেউ বিস্মিত হবেন, কী গভীর শক্তিশালী চিত্রকর্ম হত্যার সময় তরুণরা তুলে ধরেছে।’

অতিথিদের প্রতি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি বলেন, ‘এখানে আপনাদের সঙ্গে থাকতে পারা সত্যিই আনন্দের। এই শহরটি মাত্র ১০০ দিন আগে এক অনন্য রাজনৈতিক উত্থানের সাক্ষী হয়েছে।’