অন্তর্বর্তী সরকার কত দিন জামায়াতের সমর্থন পাবে, জানালেন আমির ডা. শফিকুর

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ৪:৩৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমানে যারা সরকারে আছে, তারা যতদিন জনকল্যাণে কাজ করবে, ততদিন আমাদের সমর্থন ও সহযোগিতা পাবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের আস্থার পক্ষে। তারা যদি ব্যর্থ হয়, এ দায় তাদেরকেও বহন করতে হবে। সফল হলে বিপ্লব সফল হবে। আর ভুল করলে বিপ্লব ব্যর্থ হবে। তারা ব্যর্থ হোক আমরা তা চাই না।

তিনি বলেন, যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার কোনো উল্টা-পাল্টা কাজ করছে, সঙ্গে সঙ্গে আমরা সংশোধনের চেষ্টা করবো। দোয়া করি তারা যেন ব্যর্থ না হয়।

জামায়াতে ইসলামীর আমির আরো বলেন, কোনো রাজনৈতিক নেতা (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এটা বলতে আমার লজ্জা হয়। যারা জনগণের খেদমতের বদলে মালিক বনে গিয়েছিলেন, তাদের দশা দেখে আমরা লজ্জিত।