হেনস্তা-সহিংসতার প্রতিবাদে জামায়াতের নারী সমাবেশ শনিবার

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

সারাদেশে নারী হেনস্তা, নারীদের ওপর হামলা এবং তাদের কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায়, আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।’

এর আগে নির্বাচনি প্রচারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন।