সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না: মাহদী আমিন

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে ‘অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সংলাপে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ক্ষেত্রে এনসিপি কোনো শর্ত দেয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা এবং দেশের স্বার্থে একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সংলাপের এর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাহদী আমিন। সংলাপে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে মাহদী আমীন বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অভিযাত্রায় রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সম্মানবোধের বহিঃপ্রকাশ ঘটেছে এই বৈঠকে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সবসময় বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা অর্জনের, আর ২০২৪-এর গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন।

বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা তুলে ধরে মুখপাত্র বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান তৈরির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সব পক্ষের ঐকমত্য প্রয়োজন।

বিদেশে পলাতক পতিত স্বৈরাচারের অপশক্তি যেন দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতা তৈরি করতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি জানান।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমীন বিষয়টি নাকচ করে দেন।

তিনি বলেন, সেখানে শর্ত বলতে কোনো কিছুই ছিল না। মতবিনিময়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এনসিপির প্রতিনিধি দল তাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

তিনি আরো যোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময়ই দল-মত নির্বিশেষে মানুষের মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এখন সেই ঐক্যকে আরো সুসংহত করার কাজ চলছে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র জানান, নির্বাচনি ইশতেহার এবং ‘জাতীয় জুলাই সনদে’ বিএনপি যেভাবে স্বাক্ষর করেছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
 
তিনি জানান, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অর্ডিনেন্সকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন মাহদী আমীন।

এর আগে বৈঠক শেষে ব্রিফিং করেছে এনসিপি। ব্রিফিংয়ে দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করছে, কীভাবে দেশকে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তা ছাড়া রাজনৈতিক ঐক্য নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে ওনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি। নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি।