রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১:৫৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য দলকে পাশ কাটিয়ে ২০১৮ সালে একচেটিয়াভাবে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করেছিল। জনগণের বিরাট একটি অংশকে ভোটের বাইরে রাখা হয়েছিল। গোপনে দিনের ভোটে (ব্যালটে) সিল মারা হয় রাতে। ভোটের দিনেও প্রকাশে জালভোট দেওয়ার ঘটনা ঘটেছিল।

২০১৮ সালের ওই নির্বাচনে নির্বাচন কমিশন আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন লঙ্ঘন করা হয়েছে। দেশে-বিদেশে বিতর্কিত নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের হাতে জিম্মি হয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রার্থীদেরকে এমপি হতে হয়েছে।

নির্বাচন কমিশন আইন লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার আর্থিক লেনদেনের মাধ্যমে ভোট জালিয়াতির একটি অভিযোগ এরই মধ্যে জমা পড়ে দুদকে। কমিশন অভিযোগটি আমলে নিয়ে বুধবার অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপির মাধ্যমে কিছু কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট দেখানো হয়েছিল। ওই সময় তথ্য-প্রমাণসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছিল।