পোস্টাল ভোট : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ ইসির বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া নিয়ে আজ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় ইসি সচিবালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বৈঠকে দেশ ও প্রবাসে থাকা ভোটারদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পোস্টাল ভোট প্রদান, নিবন্ধন ও এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দলগুলোর কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি জানায়, মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।