উত্তরায় বাসায় ভয়াবহ আগুন, প্রাণ গেল ৬ জনের
রাজধানীর উত্তরায় সাত তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবন থেকে আরও ১১০ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার কিছু পরে ওই ভবনে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৪ নম্বর ভবনে আগুন লাগে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তালহা বিন জসিম জানান, আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টায় আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস তদন্ত করে আগুন লাগার কারণ বের করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন তালহা বিন জসিম।