গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

Himel
Himel Himel
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৮ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

উপদেষ্টা জানান, গাজায় সেনা পাঠানোর বিষয়টি বর্তমানে প্রাথমিক আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি এবং আন্তর্জাতিক কাঠামোর ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, "গাজায় আমরা যে ফোর্স পাঠাব, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এখানে একেবারে আলাপ-আলোচনা চলছে এখন। কারণ, এখনো কোনো কিছুই ঠিক হয় নাই, কারা থাকবে কারা থাকবে না। পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাব না।”

গাজায় স্থিতিশীলতা আনতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ বেশকিছু শর্তের কথা উল্লেখ করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

"প্রথমত, আমরা ওখানে লড়াই করতে যাব না। দ্বিতীয়ত, ওখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাব না। কাজেই আমাদের শর্তগুলো যেগুলো, সেগুলো মোটামুটি পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব," বলেন মি. হোসেন।