ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ঢাকা-৮ আসনে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদি পদযাত্রা’র আগে এসব কথা বলেন তিনি।

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, ‘সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর দেখতে চাই না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-৮ আসনের শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।