মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে ছারছিনা পীরের সমবেদনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ছারছীন দরবার শরিফের পীর হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সমবেদনা জানাতে যান তিনি।
তিনি সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান এবং তার রূহের মাগফেরাত কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মীর্জা নুরুর রহমান বেগ, নাযেমে আ’লা ড. সৈয়দ শারাফত আলী, মজলিশে আমেলা মির্জা শোয়েবুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। গতকাল বুধবার মানিক মিয়া অ্যাভিনিউ তথা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
সারা দেশ থেকে আসা লাখো মানুষের ঢলে রাজধানীর বাংলামোটর, জাহাঙ্গীর গেট, কলেজ গেট, আগারগাঁও মেট্রো স্টেশন ছাড়িয়ে যায় জানাজাস্থল। জানাজার পরে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শায়িত তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়।