সংসদ নির্বাচন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের যে নির্দেশনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব অধ্যক্ষ ও প্রধানকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ, সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করার জন্য নির্বাচন কমিশনের কার্যক্রমের ধারাবাহিকতায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে সব কলেজে গভর্নিং বডি, অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্বরত আছেন সে সব কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা মতে ভাইস-চ্যান্সেলর ক্ষমতাবলে সভাপতি হিসেবে বিভাগীয় শহরে অবস্থিত কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা শহরে অবস্থিত কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো।
প্রযোজ্য ক্ষেত্রে সভাপতির প্রতিস্বাক্ষরে বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনের আবেদন করা হলে নতুন করে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ব্যবস্থা করা হবে।
অধিভুক্ত সংশ্লিষ্ট কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদেরকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নিবাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হলো।
সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারকে উপর্যুক্ত সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে তাদের আন্তরিক সহযোগিতা কামনা করা হলো।
উল্লেখ্য যে, ইতোমধ্যে নির্বাচনি তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কার্যক্রমের ধারাবাহিকতার কারণে যেসব কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করা হয়েছে, সেসব কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যরা বহাল থাকবেন।