স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

jiynal
jiynal jiynal
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে 'নিষ্ক্রিয়তা'-এর অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি জানান।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, ওসমান হাদির ওপর আক্রমণটি নির্বাচনকে বানচাল করার সুপরিকল্পিত ষড়যন্ত্র। তার মতে, এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে, নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হবে, তাই তারা নির্বাচন বন্ধের লক্ষ্যে কাজ করছে।


ফাহিম আরও বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো।

গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দেশের প্রশাসনে, মিডিয়ায়, ব্যবসা-বাণিজ্যে, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দোসর এবং সহযোগীরা রয়েছে। তারা এদের (হাদির মতো নেতাদের) হত্যার মত উৎপাদন করছে। আর যদি কোনো এ রকম হত্যার চেষ্টা করা হয়, তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পত্তি জাতীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল বলেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে দেয়, বাংলাদেশে এখনো জুলাইয়ের শত্রুরা, সংস্কারের শত্রুরা, ন্যায়বিচারের শত্রুরা সজাগ আছে। দেশে আবারও ওয়ান-ইলেভেন তৈরির পাঁয়তারা চলছে। আধিপত্যবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম, জাতীয় শ্রমিকশক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ প্রমুখ।