শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা’

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে চিকিৎসার জন্য লন্ডন যাত্রা বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, 'বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা এখন পুরোপুরিই নির্ভর করছে চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের ওপর। বোর্ড ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই তাকে (খালেদা জিয়া) দ্রুততম সময়ে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে।'

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, 'মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি—এটা যেমন সত্যি, অন্যদিকে মেডিকেল বোর্ড মনে করেছে এই মুহূর্তে তাঁর ফ্লাই করা সঠিক হবে না। সেজন্যই বিদেশ নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে।'

ডা. জাহিদ বলেন, 'ভবিষ্যতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে।'

তিনি বলেন, 'খালেদা জিয়ার চিকিৎসায় দেশ ও দেশের বাইরের চিকিৎসকেরা নিয়োজিত আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বক্ষণ তদারকি করছেন। চিকিৎসার সমন্বয় করছেন ডা. জুবায়দা রহমান। দেশের সব মানুষ তার সুস্থতা চান।'

জাহিদ হোসেন বলেন, 'খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব শোনা যায়। সবাইকে অনুরোধ করব- দয়া করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।'

তিনি আরও বলেন, 'এখনকার চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ তাকে সুস্থ করেছেন। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও তার শারীরিক জটিলতা থেকে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।'