শাহজাদপুর মহিলা ইউপি সদস্যকে নিজ বাসায় হত্যার অভিযোগ
মেহেদী হাসান শাহজাদপুর সিরাজগঞ্জ
হাবিবুল্লানগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের উত্তরপাড়ায় ইউপি সদস্য পেয়ারা খাতুনের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) শুক্রবার সকালবেলা স্থানীয়রা পেয়ারা খাতুনের নিথর দেহ দেখতে পেয়ে দ্রুত শাহজাদপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার নিজ কক্ষের বিছানা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাড়িতে পেয়ারা খাতুনের স্বামী উপস্থিত ছিলেন না। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোড়বেলা নিহতের স্বামী বাড়ি থেকে পালিয়ে যান।
নিহতের স্বজনরা জানান, পেয়ারা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করছেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জর্জরিত ছিলেন পেয়ারা খাতুন ও তার স্বামী আলিম। তিনি মৃত জব্বারের ছেলে এবং বর্তমানে পলাতক আছেন।
এদিকে পেয়ারা খাতুন হাবিবুল্লা নগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এজাহার হাতে পেলেই আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
খোঁজ নিয়ে জানা যায়, নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, পেয়ারা খাতুনের মৃত্যু স্বাভাবিক নয়, এটি রহস্যজনক এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।