ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী, সমবেদনা
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।
বিমানবন্দরে অবতরণের পর তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান, খোঁজ-খবর নেন। এসময় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (২২ নভেম্বর) বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান।
আজ সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে লালগালিচা সংবর্ধনা, ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। সংক্ষিপ্ত বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রীকে সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।