ওলামা শায়েখদের প্রতি হেযবুত তওহীদের ইমামের উদাত্ত আহ্বান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬


ওলামা শায়েখদের প্রতি হেযবুত তওহীদের ইমামের উদাত্ত আহ্বান

রিপোর্ট : তাজউদ্দীন আহমদ 

আজ জাতীয় প্রেসক্লাবে “আল্লাহর দীন প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে আলেমদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদ।

হেযবুত তওহীদের ওলামা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই আলেম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের

শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আল্লাহর দীন প্রতিষ্ঠায় তওহীদের পক্ষে জনমত সৃষ্টিতে ওলামা শায়েখদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আলেমদের উদ্দেশ করে বলেন, আলেম-উলামারা অনর্থক অহেতুক বিষয় নিয়ে নিজেদের শ্রম মেধা সময় নষ্ট করবেন না। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, ওয়াজ মাহফিলের মত জায়গায় দাঁড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আল্লাহর হুকুমের পক্ষে অনুপ্রাণিত

করুন। এটা এখন সকলের উপর ফরজ- বলেন তিনি।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দেশে লক্ষ লক্ষ মসজিদ, সম্মানিত খতিব ও ইমাম সাহেবগণ আছেন। হাজার হাজার মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ দ্বীনের এলেম শিক্ষা দিচ্ছেন। অসংখ্য বক্তা ওয়াজ-মাহফিলের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিন্তু আফসোসের বিষয় হলো- আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের তৈরি আইনে, বিচার চলে তাগুতের বিধানে। যেখানে জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর বিধান মানতে পারছি না, সেখানে আমাদের ঈমানের দাবিও পূরণ হচ্ছে না।

তিনি বলেন, বিশ্বের বর্তমান মোট জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ অর্থাৎ ২৪০ কোটি মুসলমান আজ ৫৭টি রাষ্ট্রে বিভক্ত। অথচ সংখ্যায় এত বিশাল হওয়া সত্ত্বেও আজ ফিলিস্তিনকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলেও আমরা কার্যকর কিছুই করতে পারছি না। মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান এখনো বাস্তুচ্যুত ও উদ্বাস্তু, তাদের ন্যূনতম মানবাধিকারটুকুও নেই।

তিনি আরো বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা মানুষের তৈরি। এই ভ্রান্ত ব্যবস্থা বজায় রেখে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হবে না, বিচার বিভাগের জুলুম শেষ হবে না এবং অর্থনীতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। শান্তি ও মুক্তি পেতে হলে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্য জনমত সৃষ্টিতে সবার আগে আলেমদেরকেই এগিয়ে আসতে হবে।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা হারিসুর রহমান, বিশিষ্ট মোফাস্সির-এ-কোরআন ও মুহাদ্দিস মাওলানা আতিকুল ইসলাম ।

অনুষ্ঠানে উপস্থিত শত শত আলেম আল্লাহর দীন প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।