সাবেক মন্ত্রী শ ম রেজাউলের ভাই ঢাকায় গ্রেপ্তার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শামীম বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা। তার নামে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দুটি মামলার রয়েছে।

ডিবি সূত্র জানিয়েছে, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তাকে ঢাকা থেকে পিরোজপুরে নেওয়া হয়েছে।

পিরোজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, পিরোজপুরের দুই থানার দুই মামলার আসামি শামীম শেখ। ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিরোজপুরে আনা হয়েছে। মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।

শামীম শেখের ভাই শ ম রেজাউল করিম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। প্রথমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি।