পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা। হিমালয়ের পাদদেশের এই জেলায় ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ, বইছে হালকা শীতের ছোঁয়া।

গতকালের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে আজ (বুধবার, ১২ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলার মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।

পঞ্চগড়ের আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যেতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।