ঢাকাসহ আশপাশের জেলায় নামলো বিজিবি
রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১২টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলে জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।
ডিএমপি কমিশনার আরও জানান, জনসাধারণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হচ্ছে, এবং বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত থাকবে।