পেশা ও সৃজনশীলতার ভারসাম্য উঠে এলো রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সেমিনারে

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ‘ব্যালান্সিং প্যাশন অ্যান্ড প্রফেশন’ শীর্ষক সেমিনার। এতে পেশায় ব্যাংকার ও নেশায় আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত আলোকচিত্রী পিনু রহমান পেশাগত জীবনের সঙ্গে সৃজনশীলতার চর্চার ভারসাম্যের কথা তুলে ধরেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। কি-নোট স্পিকার ছিলেন সদ্য আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর নির্বাচিত রুপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পিনু রহমান।

সেমিনারে পিনু রহমান তার কর্মজীবনের পাশাপাশি তার শখের কাজ ফটোগ্রাফিতে কীভাবে সাফল্য অর্জন করেছেন, তা নিয়ে আলোচনা করেন। পেশাগত জীবনকে ব্যাহত না করে সৃষ্টিশীলতার চর্চার মাধ্যমে শিল্পীসত্তার স্বাধীন চিন্তামগ্ন মনের আবেগ প্রকাশের কৌশল তার যাপিত জীবনের অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন তিনি।

পাশাপাশি আলোকচিত্রের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক এবং একটি ছবি তথা সাবজেক্ট কীভাবে তৈরি করতে হয়, তার অন্তর্দৃষ্টি তৈরির উপাদান নিয়েও আলোচনা করেন পিনু রহমান। বলেন, জীবনকে যাপন নয়, উদ্‌যাপন করতে শিখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির; সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী; এবং ফটোগ্রাফি ক্লাবের মডারেটর বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. নাফিজ মন্ডল। এ সময় রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ইলিয়াসসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে পিনু রহমান তার দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করেন। ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা তার কাছ থেকে আলোকচিত্র সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেন।

রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের মিডিয়া পার্টনার ছিল রাজনীতি ডটকম।