১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আওয়ামী লীগের সরকারের সময় টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, সকাল ৭টার পর সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা সবাই জামিনের আবেদন করেছেন।

কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে রয়েছেন।

ট্রাইব্যুনালে আনা সেনা কর্মকর্তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউল রহমান জুয়েল, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মখচুরুল হক (অব.), ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ও কর্নেল কেএম আজাদ।

দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটিতে ১৭ ও আরেকটিতে ১৩ জন আসামি। দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে।