সন্ধ্যায় দলগুলোর সঙ্গে ‘জরুরি বৈঠক’ প্রধান উপদেষ্টার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জুলাই জাতীয় সনদ ২০২৫, এর স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি ‘জরুরি বৈঠক’ হবে। ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ প্রসঙ্গে কমিশনের একজনের সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি নিরসনে আজকের এই বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টা অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা করবেন।’’

যমুনায় অনুষ্ঠিত বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।