ভারতের কারাগারে বিদেশি বন্দিদের মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের কারাগারে আটক বিদেশি বন্দিদের মধ্যে সর্বাধিক সংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গে (মোট বন্দির ৩৬ শতাংশ)। এদের মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক, যাদের অধিকাংশই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক।
‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ভারতের কারাগারে আটক বিদেশি নাগরিকদের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে।
বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে ৬ হাজার ৯৫৬ জন বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫০৮ জন, অর্থাৎ প্রায় ৩৬ শতাংশই পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে আটক।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিদেশি বন্দিদের মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কারাগারে আটক ২৫ হাজার ৭৭৪ বন্দির শতকরা ৯ শতাংশ ছিল বিদেশি নাগরিক। এর মধ্যে বাংলাদেশি বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। আটক বাংলাদেশি বন্দির মধ্যে ৭৭৮ জন দোষী এবং এক হাজার ৪৪০ জন বিচারাধীন অবস্থায় ছিলেন। বিদেশি বন্দিদের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল মিয়ানমার। বেশির ভাগ বিচারাধীন বন্দির বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।