খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, জনজীবন স্বাভাবিক

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার এবং এরপর প্রশাসনের জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় সেখানকার জনজীবন স্বাভাবিক হয়েছে।

জুম্ম ছাত্র-জনতা শনিবার সকালে ফেসবুকে বিবৃতি দিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর রাত ৯টার দিকে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ১৪৪ ধারা প্রত্যাহার করেন।

নিরাপত্তা বাহিনীর চাহিদার ভিত্তিতে এবং খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

গুইমারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারও সেখানে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছেন।

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ এবং প্রশাসনের জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল ধরনের যান চলাচল এখন স্বাভাবিকভাবে চলছে। এছাড়া সব ধরনের দোকানপাঠ খুলেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শহরের সব ধরনের দোকানপাটও খুলেছে।

তবে, সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর টহলও অব্যাহত আছে।