ইসির চিঠির জবাব দেবে এনসিপি, তবে ‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নির্বাচনী প্রতীক নিয়ে জটিলতা চলছেই। ক্রমাগত তারা শাপলা ফুলের ব্যাপারে জোর দিয়ে আসছে, যদিও নির্বাচন কমিশন প্রতীক সংরক্ষণের যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে এই প্রতীক নেই।

এবার নির্বাচন কমিশন দলটিকে চিঠি দিয়েছে আগামী ৭ই অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত প্রতীক থেকে পছন্দ করে তা জানানোর জন্য। চিঠিতে বলা হয়েছে, দলটির প্রথম পছন্দ 'শাপলা' বর্তমানে নির্বাচন পরিচালনার বিধিমালার তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।

৩০শে সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয় এবং সেদিনই চিঠিটি পেয়েছে দলটি। তবে শাপলার ব্যাপারে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না বলে জানাচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা।

এই চিঠিটা ইস্যু করার আগে তাদের আইনগতভাবে আরও কিছু ধাপ সম্পন্ন করার কথা ছিল যেটা তারা করেনি" এবং তাদের দেওয়া দুটি চিঠির বিষয়ে নিষ্পত্তি না করেই নির্বাচন কমিশন পরবর্তী ধাপে চলে গেছে বলে বলছেন মি. মুসা।

"সেই চিঠিগুলো অনিষ্পন্ন অবস্থায় রেখে (চিঠিগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানিয়ে) এই ধাপে আসার সুযোগ নেই" এবং চিঠিটি আইনানুগভাবে সঠিক হয়নি বলেও উল্লেখ করছেন তিনি।

নির্বাচন কমিশন "একটা কৌশলি অবস্থান গ্রহণ করছেন যেটা অনাকাঙ্ক্ষিত, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা স্বচ্ছতা, নিরপেক্ষতা আশা করি, কিন্তু তারা আমাদের সাথে কৌশল করছেন বলে আমরা মনে করি" বলছেন এসসিপির আইন সম্পাদক।