আবুধাবি বিগ টিকেটে বাংলাদেশির ভাগ্যে ৬৬ কোটি টাকা!

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকেট লটারির সেপ্টেম্বর মাসের ড্র’তে এক প্রবাসী বাংলাদেশির ভাগ্যে জুটেছে গ্র‍্যান্ড প্রাইজ দুই কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাম ৬৬ কোটি ২৩ লাখ টাকারও বেশি।

 সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে এ ড্র অনুষ্ঠিত হয়েছে। খালিজ টাইমসের ব্রেকিং নিউজে শুক্রবার রাতে এ তথ্য প্রকাশিত হয়। তবে ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গ্র্যান্ড প্রাইজ ছাড়াও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আরও চারজন অংশগ্রহণকারী জিতেছেন জন প্রতি ৫০ হাজার দিরহাম করে। তারা বাংলাদেশি মুদ্রায় পাবেন ১৬ লাখ টাকারও বেশি।

এ ছাড়া বাংলাদেশের এক প্রবাসী, যিনি বর্তমানে শারজাহতে বসবাস করছেন, তিনি একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি পেয়েছেন লটারিতে।

এ ছাড়া ‘বিগ উইন কনটেস্টে’ (স্পিন দ্য হুইল) ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী যথাক্রমে এক লাখ ৫০ হাজার, এক লাখ ১০ হাজার ও ৮৫ হাজার দিরহাম জিতেছেন।

বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর মাসের প্রমোশনে থাকছে দুই কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড প্রাইজ। এর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৩ নভেম্বরের লাইভ ড্র’তে।

এ ছাড়া সাপ্তাহিকভাবে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেট স্বর্ণের ২৫০ গ্রাম বার।

এর আগে গত আগস্টে আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্র লটারিতে দুই কোটি দিরহাম জিতেছিলেন সবুজ নামে প্রবাসী এক বাংলাদেশি। তিনি দুবাইয়ে থাকেন।